স্টাফ রিপোর্টার ধনবাড়ী টাঙ্গাইল।
টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্যতিক্রমী এক হাডুডু" প্রতিযোগিতাকে ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জাতীয় খেলা হাডুডুতে অংশ নিয়েছেন একদল দৃষ্টিপ্রতিবন্ধী পুরুষ খেলোয়াড়। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসেন হাজারো দর্শক। করতালি, উচ্ছ্বাস আর আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ধনবাড়ী উপজেলার ৪ নম্বর পাইস্কা ইউনিয়নের কুরশি পল্টনপার মোড়ে স্থানীয়দের উদ্যোগে এ ব্যতিক্রমী হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাধারণত শারীরিক শক্তি, ক্ষিপ্রতা ও কৌশলনির্ভর এ খেলায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নিয়ে থাকেন। তবে দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়দের অংশগ্রহণ প্রতিযোগিতাটিকে দিয়েছে ভিন্নমাত্রা। তাঁদের খেলার খবর ছড়িয়ে পড়লে মাঠে দর্শনার্থীদের ঢল নামে। খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্য উপভোগ করেন উপস্থিত দর্শকরা। পুরো আয়োজনজুড়ে বিরাজ করে আনন্দঘন পরিবেশ।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সব দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়ের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের এ উদ্যোগকে স্থানীয়রা মানবিক ও প্রশংসনীয় আয়োজন হিসেবে দেখছেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি এবং পাইস্কা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়দের এমন অংশগ্রহণ সমাজে অন্তর্ভুক্তিমূলক ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরেছে। খেলাধুলা যে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের মধ্যে সম্প্রীতি, সাহস ও পারস্পরিক সহযোগিতার বন্ধন গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম—এ আয়োজন তারই উদাহরণ।
তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে দৃষ্টিপ্রতিবন্ধীসহ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বাড়বে এবং তাঁদের প্রতিভা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।